জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে : ডা. এসএম খালিদুজ্জামান
জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে দুর্নীতির মূলোৎপাটন করা হবে।
আজ শুক্রবার রাজধানীতে ভাষানটেক থানা জামায়াতের উদ্যোগে ডেংগু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ভাষানটেক বস্তির বাস্তুহারা ২ হাজার অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়।
ডা. খালিদুজ্জামান বলেন, বিগত ১৭ বছরের স্বৈরশাসন দেশে দুর্নীতিকে চরম পর্যায়ে নিয়ে যায়। এ সময়ে জনগণের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।
তিনি বলেন, 'হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সাধারণ মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।'
তিনি আরও বলেন, 'জামায়াত চরম নির্যাতনের মুখেও মানুষের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।' এ সময় তিনি মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান।
৫ আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'যে স্বপ্ন নিয়ে দেশকে স্বৈরশাসনমুক্ত করা হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে যৌথভাবে কাজ করতে হবে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই।'
ডা. খালিদুজ্জামান বলেন, নতুন করে যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় না আসতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নারীর মর্যাদা, নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীব। সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন খান। আরও উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির ইঞ্জিনিয়ার আব্দুর রহিম এবং ঢাকা-১৭ আসনের প্রচার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
