dr-sm-khaliduzzaman

জামায়াত ক্ষমতায় গেলে সমাজে দরিদ্র মানুষকে হাত পাততে হবে না: ডা. খালিদুজ্জামান

গুলশান পশ্চিম থানার উদ্যোগে কড়াইল এরশাদ নগর মাঠে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ভ্যানগাড়ি, ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম ও চায়ের স্টলের সামগ্রী বিতরণ করা হয়।

ঢাকা–১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে মানুষকে আর দান বা ত্রাণের ওপর নির্ভর করে বাঁচতে হবে না। পরিকল্পিত কর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করতেই তারা কাজ করতে চান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গুলশান পশ্চিম থানার উদ্যোগে কড়াইল এরশাদ নগর মাঠে বেকারত্ব দূরীকরণ ও স্বউদ্যোগে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে ভ্যানগাড়ি, ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম ও চায়ের স্টলের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে কোটি কোটি যুবক বেকার। তাদের সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়বে। রাসুল (সা.) একজন মানুষকে সাহায্যের জন্য হাত পাততে না দিয়ে স্বাবলম্বী হওয়ার উপায় তৈরি করে দিয়েছিলেন। আমরাও সেই পথেই মানুষের ভাগ্য পরিবর্তন করতে চাই।

গুলশান পশ্চিম থানার উদ্যোগে ২০টি পরিবারকে ভ্যানগাড়ি ও ভ্রাম্যমাণ দোকানের সরঞ্জাম, ৩০টি পরিবারকে চায়ের স্টলের সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ১০টি ক্লাবকে ক্রীড়াসামগ্রী এবং ৬০ জন নবজাতককে শীতবস্ত্র ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও গুলশান পশ্চিম থানা জামায়াতের আমির মো. মাহমুদুর রহমান আজাদ। সঞ্চালনায় ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আসন নির্বাচন সমন্বয়ক ডা. শফিকুল ইসলাম জুয়েল, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আব্দুল মান্নান এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

Next Post Previous Post

Related Posts

Back To Top