dr-sm-khaliduzzaman

প্রতিহিংসা ও ফ্যাসিবাদী রাজনীতির যুগ শেষ: ডা. খালিদুজ্জামান

বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা–১৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। তিনি বলেন, ফ্যাসিবাদ ও দমন–পীড়নের রাজনীতি দেশে আর চলবে না।

স্বাগত বক্তব্যে তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম রক্ত দিয়ে নতুন ধারার জনবান্ধব ও ঐক্যের রাজনীতির পথ তৈরি করেছে। নতুন বাংলাদেশে যারা পুরোনো ধারার ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তারা এই দেশ থেকে হারিয়ে যাবে।

শুক্রবার সকালে রাজধানীর ভাষানটেক এলাকায় জামায়াতে ইসলামীর ঢাকা–১৭ আসন আয়োজিত যুব, ছাত্র ও নাগরিক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. এসএম খালিদুজ্জামান অভিযোগ করে বলেন, বিগত স্বৈরাচারী সরকার তাদের ওপর অত্যাচার করেছে, মিছিল করতে দেয়নি। সেই অপকর্মের ফল তারা এখন ভোগ করছে। নেতাদের ফাঁসি দিতে যে কোড বা নিয়ম তৈরি করা হয়েছিল, সেই নিয়মেই এখন তাদের বিচার হচ্ছে।

বিগত ১৭ বছরের আন্দোলনে নারীদের ভূমিকার বিশেষ প্রশংসা করে তিনি বলেন, মা–বোনেরা যে ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। অনেক বোন ফ্যাসিস্ট আমলে হাতের চুরি খুলে দিয়েছেন, সহায়তা করেছেন, ব্যক্তিগত গাড়ি দিয়েছেন। অসংখ্যবার রান্না করে আন্দোলনকারীদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এমনকি রাজপথে সময় দিয়ে আন্দোলনকে বেগবান করেছেন।

তিনি দাবি করেন, ৫ আগস্টের পর জাতীয় সংকটের প্রতিবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশের অভিভাবকের ভূমিকায় এগিয়ে এসেছেন। এর মাধ্যমে তিনি নিজেকে আগামী দিনের দেশের কাণ্ডারি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সে হিসেবে বলতে পারি, আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন ডা. শফিকুর রহমান, ইনশাআল্লাহ।

Next Post Previous Post

Related Posts

Back To Top